ছবি: সংগৃহীত
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের সীমান্ত প্রদেশে রাতভর ৫১টি হামলা হয়েছে। এ হামলার ভয়াবহতার শিকার হয়েছে দেশটির ১২টি অঞ্চল। ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শনিবার (২২ আগস্ট) দিবাগত রাতে এসব হামলা হয়েছে বলে এনএসটি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে।
অভ্যন্তরীণ নিরাপত্তা অভিযান কমান্ডের ৪ নম্বর অঞ্চলের দেয়া এক আপডেট অনুযায়ী, রাত প্রায় ৮টা থেকে নারাথিওয়াত, পাতানি ও ইয়ালা প্রদেশের ১২টি এলাকায় হামলার ঘটনা ঘটে।
থাই নিরাপত্তা বাহিনীর মুখপাত্র বলেন, হামলাগুলো সরকারি কর্মকর্তা, বেসামরিক নাগরিক ও অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, সবচেয়ে বেশি ২২টি ঘটনা ঘটেছে নারাথিওয়াতে। পাশাপাশি ইয়ালায় ১৮টি এবং পাতানিতে ১১টি ঘটনা ঘটে।
মুখপাত্র বলেন, নারাথিওয়াতে দুইজন আহত হয়েছেন। তবে পাত্তানি ও ইয়ালায় কোনো বেসামরিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, নারাথিওয়াতের সুঙ্গাই পাডি, সুখিরিন, ওয়াং, রাঙ্গাই, রুয়েসো, ই-ঙ্গো, লামায়ে, তাক বাই এবং সুঙ্গাই গোলক এলাকায় এসব ঘটনা ঘটে। পাত্তানির চানাই, চানাই নোই, চো-আইরং, চু-পেং, সুঙ্গাই পাডি এবং কোহ চাওয়ি-তে হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। এছাড়া ইয়ালাতে, ইয়ালা শহরে আটটি, রামানে ছয়টি এবং সাই বুরিতে দুটি হামলার খবর পাওয়া গেছে।
আরও পড়ুন <<>> হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে মানচিত্র প্রকাশ ট্রাম্পের
ঘটনাস্থলগুলোতে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। তারা এলাকাগুলো নিরাপদ করা, বাসিন্দাদের সহায়তা এবং আলামত সংগ্রহের কাজ করছেন। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে, যেসব স্থানে ঘটনা ঘটেছে সেসব স্থান এড়িয়ে চলতে এবং সরকারি নির্দেশনা অনুসরণ করতে বলেছে কর্তৃপক্ষ।
এছাড়া সন্দেহজনক কোনো বস্তু কাছে গিয়ে স্পর্শ না করার এবং সন্দেহজনক ব্যক্তি, যানবাহন বা বস্তু দেখতে পেলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেয়া হয়েছে।
সমন্বিত হামলার পর স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে থাই নিরাপত্তা সংস্থাগুলো তৎপরতা বাড়িয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে দেশটির সরকার।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































