Apan Desh | আপন দেশ

মা হচ্ছেন সামান্থা

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:১৬, ২১ জুন ২০২৬

মা হচ্ছেন সামান্থা

ছবি : সংগৃহীত

মা হতে চলেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি সামান্থা কিংবা তার স্বামী নির্মাতা রাজ নিদিমরু।

ঘনিষ্ঠ সূত্রের বরাতে এনডিটিভি জানায়, গত বছরের ১ ডিসেম্বর বিয়ের পর এবার সন্তান আগমনের অপেক্ষায় রয়েছেন এ তারকা দম্পতি।

সম্প্রতি সামান্থার অভিনীত নতুন ছবি ‘মা ইনতি বানগারাম’র সাফল্য উদ্‌যাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে অভিনেত্রীর শারীরিক গঠনে পরিবর্তন দেখে অনেকেই তার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শুরু করেন। এরপর থেকেই ভক্তদের শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তায় ভরে যায় সামাজিক যোগাযোগমাধ্যম।

সামান্থা ও রাজ নিদিমরুর পরিচয় হয়েছিল জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’র শুটিংয়ের সময়। কাজের সূত্রে গড়ে ওঠা সেই পরিচয় ধীরে ধীরে ঘনিষ্ঠ সম্পর্কে রূপ নেয়। পরে বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় প্রেমের গুঞ্জন আরও জোরাল হয়। শেষ পর্যন্ত গত বছরের ডিসেম্বরে বিয়ের মাধ্যমে সম্পর্কের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

বিয়ের পর সামান্থার একটি পুরোনো সাক্ষাৎকারও নতুন করে আলোচনায় আসে। সেখানে রাজের পাঠানো একটি ভিডিও বার্তা দেখে অভিনেত্রীকে লজ্জা পেতে দেখা যায়। বার্তায় রাজ সামান্থার পেশাদারিত্ব এবং তামিল ও তেলুগু—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দক্ষতার সঙ্গে কাজ করার প্রশংসা করেছিলেন।

এরই মধ্যে ‘মা ইনতি বানগারাম’ ছবিতে আবারও একসঙ্গে কাজ করেছেন রাজ ও সামান্থা। ছবিটি পরিচালনা করেছেন নন্দিনী রেড্ডি।

এর আগে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওহ! বেবি’ ছবিতেও সামান্থা ও নন্দিনী রেড্ডির সফল জুটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। নতুন ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন রাজ নিদিমরু।

আরও পড়ুন : তবে কী ভাঙছে ধনুশ-মৃণালের প্রেম?

উল্লেখ্য, রাজকে বিয়ের আগে দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন সামান্থা। চার বছরের দাম্পত্য জীবনের পর তাদের বিচ্ছেদ হয়। পরে নাগা চৈতন্য অভিনেত্রী সবিতা ধুলিপালাকে বিয়ে করেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়