ছবি : সংগৃহীত
কোনো শান্তি চুক্তি চূড়ান্ত না হলে ইরানের ওপর ‘খুব কড়া হামলা’ হামলা চালাবে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। বুধবার (১০ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যপক উত্থানের পর ব্যারেল প্রতি প্রায় ২ ডলার বেশিতে লেনদেন শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
সর্বশেষ তথ্যানুযায়ী, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৬৫ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৩ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৮৩ ডলার বা ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯০ দশমিক ০৩ ডলারে থিতু হয়েছে।
গত এপ্রিলের যুদ্ধবিরতির পর মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সবচেয়ে বড় ধরনের গোলাগুলির ঘটনা ঘটে। এরপরই ট্রাম্পের নতুন হামলার হুঁশিয়ারিতে দুপুরের দিকে তেলের দাম এক লাফেই প্রায় ৩ ডলার পর্যন্ত বেড়ে গিয়েছিল। তবে পরবর্তীতে হোয়াইট হাউজে সাংবাদিকদের দেওয়া ট্রাম্পের একটি বক্তব্যের পর দাম কিছুটা নিয়ন্ত্রণে আসে।
ট্রাম্প দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী অত্যন্ত গোপনে হরমুজ প্রণালী দিয়ে ১০ কোটি ব্যারেলেরও বেশি তেলবাহী জাহাজকে নিরাপদ পাহারা দিয়ে বের করে এনেছে। বিশ্বে প্রতিদিন প্রায় ১০ কোটি ব্যারেল তেলের চাহিদা রয়েছে।
ট্রাম্পের মতে, এ গোপন অভিযানের কারণেই তেলের দাম নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, ‘এ পদক্ষেপ না নিলে তেলের দাম এখন ৮৫-৯০ ডলারের বদলে ২৫০ ডলারে গিয়ে ঠেকত।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































