Apan Desh | আপন দেশ

তাপমাত্রা কমে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৪, ২০ জুলাই ২০২৫

তাপমাত্রা কমে বৃষ্টির সম্ভাবনা

ফাইল ছবি

আগের দিন ভ্যাপসা গরমে জনজীবন ছিল অতিষ্ঠ। রোববার (২০ জুলাই) তাপমাত্রা কমে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাসে বলা হয়েছে দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পরিমাণ কমতে পারে। এতে করে শনিবারের তুলনায় রোববার গরমের অনুভূতি কিছুটা কমবে। একই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানানো হয়েছে। সেসঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এদিন সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। কমতে পারে দিনের তাপমাত্রাও।

পূর্বাভাসে দেয়ার তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যেখানে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণও ছিল অনেকটা বেশি—সকাল ৬টায় ৮৯ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল সামান্য, মাত্র ‘ট্রেস’ হিসেবে উল্লেখযোগ্য হয়েছে।

অন্যদিকে, শনিবার রাতে আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারাদেশের আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী পাঁচদিনের মধ্যে অর্থাৎ ২৪ জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপটি শক্তি সঞ্চয় করে ঘণীভূত হতে পারে। তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের উত্তরাঞ্চলে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়